
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী বলেছেন, রাজাপুর–কাঁঠালিয়ার মানুষ একজন ভালো, শিক্ষিত ও জনগণের জন্য কাজ করা প্রতিনিধিকে চায়।
মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি, লেবুবুনিয়া ও আমতলা বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, রাজনীতি ব্যক্তিগত আখের গোছানোর জায়গা নয়। মানুষের জন্য কাজ করার মানসিকতাই সবচেয়ে বড় যোগ্যতা। তিনি বলেন, ভালো মানুষকে মূল্যায়নের ক্ষমতা সাধারণ মানুষের হাতেই রয়েছে।
এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, রাজাপুর–কাঁঠালিয়ায় একটি ইন্ডাস্ট্রিয়াল বা ইকোনমিক জোন গড়ে তোলা সম্ভব। এতে কুটির শিল্প ও কৃষিনির্ভর শিল্পসহ বিভিন্ন কারখানা স্থাপনের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। রাজাপুর–কাঁঠালিয়ার ভৌগোলিক অবস্থান শিল্প স্থাপনের জন্য অত্যন্ত উপযোগী বলেও মন্তব্য করেন তিনি।
শেষে ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, জনগণ সুযোগ দিলে আগামী পাঁচ বছরে রাজাপুর–কাঁঠালিয়ার চিত্র বদলে যাবে।

মাহিন খান রোমান 
















