
ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সৈয়দ রাজ্জাক সেলিম তার নির্বাচনী মার্কা ‘মোটরসাইকেল’ নিয়ে নলছিটি ও ঝালকাঠির বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। প্রচারণাকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা ও মানুষের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেন।
ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সৈয়দ রাজ্জাক সেলিম বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। গ্রাম ও শহরের সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানির ব্যবস্থা এবং যুবকদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার প্রদর্শন নয়, বরং মানুষের সেবা। সাধারণ মানুষ যেন সরকারি সেবা পেতে হয়রানির শিকার না হয়, সেজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
স্থানীয়রা জানান, উন্নয়নমূলক বক্তব্য ও সরাসরি মানুষের কথা শোনার মানসিকতা অনেক ভোটারের আস্থা বাড়াচ্ছে। মোটরসাইকেল মার্কাকে সামনে রেখে তার এই জনমুখী প্রচারণা ঝালকাঠি-২ আসনে নতুন আলোচনা তৈরি করেছে।

মাহিন খান রোমান 
















