
জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু, মঞ্চে অনুপস্থিত ইসলামী আন্দোলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটের বহুল আলোচিত সংবাদ সম্মেলন শুরু হলেও সেখানে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীতে নির্ধারিত সময়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও ইসলামী আন্দোলনের অনুপস্থিতির কারণে তা শুরু হতে কিছুটা বিলম্ব হয়।
সংবাদ সম্মেলনের মঞ্চে জামায়াত আমিরের পাশে ইসলামী আন্দোলনের জন্য নির্ধারিত চেয়ার রাখা হলেও সেখানে উপস্থিত ছিলেন না দলটির শীর্ষ নেতা চরমোনাই পীর। এতে করে জোটের ভেতরের সমঝোতা ও ঐক্য নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, আজকের সংবাদ সম্মেলনে তারা অংশ নিচ্ছেন না। তিনি জানান, জোটে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত অবস্থান আগামীকাল স্পষ্ট করা হবে।
এই অনিশ্চয়তার মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের অবস্থান জানাতে আলাদা সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। দলটি জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী আসন সমঝোতা ও জোট সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।
এদিকে, জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু হলেও ইসলামী আন্দোলনের অনুপস্থিতি নির্বাচনী ঐক্যের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

প্রধান প্রতিবেদক -মো: শফিকুল ইসলাম 















