
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নতুল্যবাদ ইউনিয়নের তালতলা বাজার এলাকায় পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার শেষ বিকেলে তালতলা বাজার সংলগ্ন ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ওয়ার্ড বিএনপি সভাপতি রুবেল কাজীর নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
এর আগে, গতকাল সাহাবাংলা বাজার এলাকায় স্থানীয় একটি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা রুবেল কাজীর বিরুদ্ধে মারধর ও বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে মানববন্ধন করেন। সেই মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রুবেল কাজী একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি, তার বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করেন, যারা অভিযোগ তুলছেন তাদের অনেকেই অতীতে বিএনপির কোনো কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না।
স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতারা আরও বলেন, রুবেল কাজীর বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলীয় শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান।

প্রধান প্রতিবেদক -মো: শফিকুল ইসলাম 
















