
ঝালকাঠি প্রতিনিধি:আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচন সামনে রেখে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান বিপ্লব।
তিনি বলেন, ২ নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ বসবাসযোগ্য এলাকায় পরিণত করাই তার মূল লক্ষ্য। এজন্য মাদক, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বিপ্লব জানান, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সহযোগিতায় একটি পরিবেশবান্ধব, মানবিক ও প্রযুক্তিনির্ভর আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমার স্বপ্ন ২ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। যেখানে মাদক, সন্ত্রাস ও দখলবাজির কোনো স্থান থাকবে না। তরুণদের জন্য খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে।”
এ সময় তিনি ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
বিপ্লব বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেলে তিনি ওয়ার্ডবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে একটি আধুনিক ও নিরাপদ সমাজ গড়ে তুলবেন।

ডেক্স রিপোর্ট 










