
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাদল মাঝির ওপর হামলা ও অন্ডকোষ চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ কয়েকজনের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে তাদের সঙ্গে চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে সোহাগ মাঝি, মামুন মাঝি, মিন্টু মাঝি, নাঈম মাঝিসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাদল মাঝির ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলায় বাদল মাঝির পিঠ, হাত ও কোমড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী শাকিলা জাহান চৈতিকেও কিল-ঘুষি ও ধাক্কা দিয়ে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর ছোটবোন মোসা. রিনা বেগম (৩৬) বাদী হয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন।
বাদল মাঝি অভিযোগ করেন, তিনি বাবার একমাত্র ছেলে সন্তান হওয়ায় চাচাতো ভাইরা দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল এবং সম্পত্তি দখলের চেষ্টা করছিল। সর্বশেষ ঘটনায় পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। একপর্যায়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় এবং চাচাতো ভাই সেলিম মাঝির স্ত্রী মিনারা বেগম তার অন্ডকোষ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে তিনি দাবি করেন। এতে তিনি একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পুরো ঘটনাটি তার বাড়ির সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে বলেও তিনি জানান।
অভিযুক্ত সেলিম মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার স্ত্রী মিনারা বেগম ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় জানার পর কল কেটে দেন এবং পরে ফোন বন্ধ রাখেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮
তারিখ: ১৬ফেব্রুয়ারী ২০২৬

মাহিন খান রোমান 















