
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি আদালত চত্বর থেকে মঞ্জুরুল আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের সময় তার বুকে ঝুলানো একটি কাগজে লেখা ছিল— “আমি মো. মঞ্জুরুল আলম, আমি কোনো অ্যাডভোকেট নই, আমি টাউট।” বিষয়টি আদালত এলাকায় উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং তাৎক্ষণিকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে আলোচনায় ছিলেন। আদালত চত্বরে এমন স্বীকারোক্তিমূলক বার্তা প্রকাশ্যে দেখা যাওয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় আদালত এলাকায় আগত সাধারণ মানুষকে দালাল বা টাউটদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রধান প্রতিবেদক -মো: শফিকুল ইসলাম 










