
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে প্রশাসন।
নিহত নারীর নাম নিলুফা ইয়াসমিন (৫৫)। তিনি শুকুর মিয়ার স্ত্রী এবং ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট নতুন চর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নিলুফা ইয়াসমিন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে সুগন্ধা নদীর পাড়ে বাসাসংলগ্ন ঘাটলার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মাহিন খান রোমান 










